সঞ্জীব চৌধুরীকে নিয়ে বইমেলায় এলো বই

ক্ষণজন্মা জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে নিয়ে বইমেলায় এলো বই। জীবনীভিত্তিক বইটির নাম দেয়া হয়েছে ‘সঞ্জীবনামা’ । আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির সংকলন ও সম্পাদনা করেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
বইটিতে স্মৃতিকথনে সঞ্জীব চৌধুরীর জীবন ও দর্শন তুলে ধরেছেন ইরাজ আহমেদ, আনিসুল হক, আবিদা নাসরীন কলি, টোকন ঠাকুর, বাপ্পা মজুমদার, শেখ রানা, মহাকাশ মিলন, শাহান কবন্ধ, আকলিমা নাসরীন লিপি, সাহস মোস্তাফিজ ও জয় শাহরিয়ার।
তাদের গল্প ও কথায় জানা যাবে সঞ্জীব চৌধুরী সম্পর্কে।
জয় শাহরিয়ার জানান, বইটিতে সঞ্জীব চৌধুরীর প্রকাশিত সব গানের তথ্যভাণ্ডার লিপিবদ্ধ করা হয়েছে। গায়ক, গীতিকবি ও সুরকার হিসেবে তার প্রকাশিত কাজের ৩টি আলাদা ডিস্কোগ্রাফি তৈরি করেছেন তিনি। বইটির প্রচ্ছদে ব্যবহৃত সঞ্জীবের পোর্ট্রেইটটি এঁকেছেন সঞ্জীব চৌধুরীর কন্যা কিংবদন্তি চৌধুরী।
বইটি পাওয়া যাচ্ছে ৩৯২-৩৯৩ নং আজব প্রকাশের স্টলে। পাশাপাশি অনলাইনেও কেনার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর সোমবার মারা যান গায়ক-সাংবাদিক সঞ্জীব চৌধুরী। তার বয়স হয়েছিলেন ৪৩ বছর।
সাংবাদিকতা আর গানের জগতের লোক ছাড়াও অনেকের কাছেই যিনি শুধু ‘সঞ্জীবদা’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সিলেটের হবিগঞ্জের বানিয়াচঙ এ জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। তবে নেশা হিসেবে পুরোটাই ছিল গান।
কবি হিসেবেও একসময় পরিচিত ছিলেন সঞ্জীব চৌধুরী।
পরে গানের জগতে ঢুকে এর চর্চা কমে গিয়েছিল। সম্ভবত তার কাব্যধর্মী গানগুলোই এই অভাব অনেকখানি পূরণ করেছিল।
একসময় বেশ কিছু ছোট গল্প লিখেছিলেন তিনি। বিভিন্ন ছোট কাগজে ছাপা হয়েছে সেসব নিরীক্ষাধর্মী গল্প। মাঝে কৌতুহলবশে বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছিলেন তিনি।
আজকের কাগজ, ভোরের কাগজ আবার আজকের কাগজ, তার পর যায় যায় দিন- সাংবাদিকতায় এই ছিল তার বিচরণক্ষেত্র।
