বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওনের জীবনী নিয়ে ডকুমেন্টারি তৈরি হচ্ছে

দীর্ঘদিন ধরেই অসুস্থ বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন। সংগীত জগৎ থেকে আড়ালেই রয়েছেন তিনি। তবে যত সময় যাচ্ছে, সংগীত জগতে ফেরাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে গায়িকার জন্য। বিরল স্নায়বিক ব্যাধি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত ডিওন।
তবে সম্প্রতি নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন ডিওন। জানিয়েছেন, তাঁর জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি আসছে। যেখানে উঠে আসবে তাঁর বিরল ব্যাধির প্রসঙ্গও।
দীর্ঘ সময় পর সম্প্রতি সেলিন ডিওন তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত কয়েক বছর আমার জন্য কঠিন একটি চ্যালেঞ্জ ছিল।
আমার শারীরিক অবস্থা আবিষ্কার থেকে শুরু করে কীভাবে এটির সাথে বাঁচতে হয় এবং এটি পরিচালনা করতে হয় তা শেখার যাত্রা ছিল। আমার পারফর্মিং ক্যারিয়ার পুনরায় শুরু করা এবং আমার অনুরাগীদের দেখতে পাবার জন্য আমি আকুল হয়ে আছি।’
তিনি আরো বলেছেন যে তিনি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তাঁর জীবনের এই অংশটিকে ডকুমেন্টারি আকারে সামনে আনতে চান, তাঁর এই বিরল ব্যাধি সম্পর্কে শেয়ার করে অন্যদের সাহায্য করতে চান।
1
সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ডিওনের গত এক বছরেরও বেশি সময়ের অজানা মুহূর্ত এবং তাঁর ব্যধি সম্পর্কিত তথ্য এই ডকুমেন্টারিতে উঠে আসবে বলে জানা গেছে।
‘আই অ্যাম: সেলিন ডিওন’ শিরোনামে নির্মিত হতে যাওয়া এই ডকুমেন্টারিটি পরিচালনা করবেন অস্কার বিজয়ী পরিচালক আইরিন টেলর এবং এটি প্রাইম ভিডিওতে প্রকাশিত হবে।
২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি।
এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা।
গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।
সেলিনের এই বিরল রোগ সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে যিনি আক্রান্ত হন তার সারা শরীরের সমস্ত পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি বারবার তিনি উল্টে পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। কারণ কোনো পেশির ওপরেই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
এর আগে সেলিনের বোন ক্লাউডেট জানিয়েছিলেন, গায়িকার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা চেষ্টা চললেও এই বিরল রোগের সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। সেলিনও কঠোরভাবে লড়াই করছেন এই পরিস্থিতির সঙ্গে। সুস্থতার জন্য সব রকম চেষ্টাই করছেন গায়িকা। তিনি এই বিরল রোগের ক্ষেত্রে শীর্ষ গবেষকদের পরামর্শ শুনছেন।
‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এবার বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।
