গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ফুয়াদ ও মুজা

আপডেট: February 5, 2024 |
boishakhinews 31
print news

 

অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটির মধ্য দিয়ে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে।

এই গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন বিশ্ব সংগীতের রথী-মহারথীরা।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি দুই সংগীতশিল্পী। তাঁরা হলেন ফুয়াদ আল মুক্তাদির ও মুজা। সংগীতের মর্যাদাপূর্ণ এই আসরে আমন্ত্রিত ছিলেন তাঁরাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে সেই আনন্দ-মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই দুই তারকা।

এ সময় ফুয়াদের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো স্কার্ফ ও কালো সানগ্লাস। আর মুজা পরেছিলেন টাক্সেডো ও সাদা শার্ট। ফুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুজা লিখেছেন, ‌‘কোনো কিছুর আগে বলতে চাই—সকল প্রশংসা উপরওয়ালার। আমি শুধু আশীর্বাদপ্রাপ্তই নই, বরং গর্বিত যে বাংলাদেশের অন্যতম বড় শিল্পীর সঙ্গে গ্র্যামিতে যোগ দিতে পেরেছি! আমার বয়সী অনেকে এই স্বপ্ন দেখে এবং আমি সেটা বাস্তব করতে পেরেছি।

পরবর্তী স্বপ্ন হলো একটি বাংলা গান শুধুমাত্র গ্র্যামিতে মনোনয়ন নয়, গ্র্যামিতে পুরস্কৃত করা! আমি জানি আমরা এটা করতে পারব।’
বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেলর সুইফট।
এবারের গ্র্যামিতে বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেলর সুইফট। গ্র্যামির ইতিহাসে সুইফট প্রথম গায়িকা হিসাবে চারবার বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। এছাড়াও বাজিমাত করেছেন মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশ।

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে শিরোপা উঠেছে ভারতের চার শিল্পীর মাথায়। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে উস্তাদ জাকির হুসেন থেকে শঙ্কর মহাদেবনের নাম।

Share Now