আইএমএফের শর্ত পূরণ পরীক্ষায় পাস করেছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আপডেট: February 8, 2024 |
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
print news

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় বাংলাদেশ ‘পাস করেছে’, তাই সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আইএমএফের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ভালোই করছে; তারা যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ তার বেশিরভাগই পূরণ করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা আজ এসেছিল। তারা আবার মার্চ মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে; আশা করছি, বাংলাদেশ ঋণের তৃতীয় কিস্তি পেয়ে যাবে।’

কিস্তির বাইরে নতুন কোনও বাজেট সহায়তার আশ্বাস পাওয়া গেছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখবে। পরিস্থিতি ভালো, দেখা যাক, কী হয়—বাংলাদেশ পরীক্ষায় পাস করেছে।

বাংলাদেশ ভালো করার লক্ষণগুলো কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো করছি— এটাই তো ইতিবাচক বিষয়; ফেল করলে কি আমরা বলবো যে পাস করেছি?’

Share Now