‘বই অতীত ও ভবিষ্যতের সেতুবন্ধন তৈরি করে’

আপডেট: February 11, 2024 |
boishakhinews24.net 50
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বইমেলা বাঙালির প্রাণের মেলা। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ।

বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন তৈরি করে এবং আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ।

চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলায় স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বই সত্যের ও ন্যায়ের পথে পরিচালিত করে মানুষকে বিশুদ্ধ করে তোলে। জ্ঞানতৃষ্ণা নিবারণের জন্য সকল বয়সী মানুষের সম্মিলনে বইমেলা এখন অন্যতম উৎসব এবং মিলন মেলায় পরিণত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলা একাডেমি পদকে ভূষিত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ ও মুহাম্মদ শামসুল হক, অমর একুশে বইমেলা চট্টগ্রামের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ, আসিফ সিরাজ, হাফিজ রশিদ খান, মুস্তফা নঈম, অমিত বড়ুয়া, শিক্ষাবিদ আজাদ বুলবুল, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন বাবু।

সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, লেখালেখিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম প্রেস ক্লাবের অনেক সদস্য একুশে ও বাংলা একাডেমি এবং আরও নানা পদকে ভূষিত হয়েছেন। প্রতিবছর প্রকাশিত হয়ে থাকে সদস্যদের লেখা অনেক গুরুত্বপূর্ণ বই।

তাদের বই প্রকাশনার ক্ষেত্রে আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।

স্বাগত বক্তব্যে দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের প্রকাশনা আরও বেশি পাঠক সমাদৃত করার লক্ষ্যে বইমেলায় প্রতিবছর চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টলের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ প্রতিবছর ব্যাপকতা লাভ করছে। এ স্টল লেখক, বোদ্ধা ও বইপ্রেমী মানুষের সৃজনশীল আড্ডার অন্যতম স্থল।

স্টল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, প্রেস ক্লাবের সদস্য মামুনুর রশীদ, জামালুদ্দীন ইউছুফ, আলমগীর সবুজ, আবসার মাহফুজ, আরিফ রায়হান, আবু মোশাররফ রাসেল, মো. মোরশেদুল আলম তালুকদার, আমিনুল ইসলাম মুন্না প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর