সমন্বয়কদের ছাড়িয়ে আনতে ডিবিতে যাচ্ছেন বিশিষ্ট নাগরিকরা

আপডেট: August 1, 2024 |
inbound370054967517412022
print news

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ভিডিও বার্তা দেয় ডিবি। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা হলেও তাদের ছেড়ে দেয়া হয়নি।

এমন অবস্থায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) আটক ছয়জনকে ছাড়িয়ে আনতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যাবেন দেশের বিশিষ্ট নাগরিক ও শিক্ষকরা।

জানা গেছে, দুপুর আড়াইটায় তারা ডিবি কার্যালয়ে যাবেন। সেখানে জানতে চাইবেন কেন তাদের আটকে রাখা হয়েছে।

এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেয়া হবে। কিন্তু তাদের ছাড়া হয়নি। আজ দুপুর আড়াইটায় আমরা ডিবি কার্যালয়ে যাব। আমরা জানতে চাইব কেন তাদের আটকে রাখা হয়েছে।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে ডিবিতে যেতে পারেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান থেকে সদ্য বিদায় নেয়া মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত না আসায় তিনি ছাড়তে পারেননি।

ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এদের মধ্যে গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।

রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক।

Share Now

এই বিভাগের আরও খবর