ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে মোহামেডান

আপডেট: March 12, 2025 |
boishakhinews 26
print news

তামিম ইকাবলের ব্যাটে আরেকটি সেঞ্চুরি। মোহামেডানের আরেকটি জয়। তামিম আবারো ম্যাচসেরা নির্বাচিত। ঢাকা প্রিমিয়ার লিগে বেশ সুসময় যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও তামিম ইকবালের। বুধবার (১২ মার্চ, ২০২৫) ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স গুটিয়ে যায় মাত্র ১৮৭ রানে। ওই রান মোহামেডান তাড়া করে ৩২.৫ ওভারে। ম্যাচসেরা নির্বাচিত হওয়া মোহামেডানের অধিনায়ক তামিম ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজেই জয় এনে দেন। তিনে নামা অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন।

রনি তালুকদারের পরিবর্তে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ সুবিধা করতে পারেননি। পেসার আল-আমিন হোসেনের বলে ৬ বলে ২ রান করে আউট হন। সেখান থেকে তামিম ও অঙ্কন জুটি মোহামেডানকে উল্লাসে ভাসান।

 

অবশ্য প্রথম ইনিংসে তাইজুলের ঘূর্ণিতে জয়ের অর্ধেক কাজ হয়ে গিয়েছিল। বাঁহাতি স্পিনার ৩১ রানে ৪ উইকেট নেন। ১০ ওভারের বোলিংয়ে ছিল ১ মেডেনও। এছাড়া পেসার আবু হায়দার রনি ২৪ রানে ৪ ও মিরাজ ৩০ রানে ২ উইকেট পেয়েছেন।

সম্মিলিত আক্রমণে ব্রাদার্স তেমন সুবিধাই করতে পারেনি। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। ৩২ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। চার ম্যাচে মোহামেডানের এটি তৃতীয় জয়। প্রথম ম্যাচ হারের পর টানা তিন জয় তুলেছে তারা। ব্রাদার্সের চার ম্যাচে তৃতীয় পরাজয়।

Share Now

এই বিভাগের আরও খবর