খাগড়াছড়িতে ১৪৪ ধারা

আপডেট: September 27, 2025 |
inbound1081236188147539220
print news

মারমা স্কুল ছাত্রী ‘ধর্ষণের’ ঘটনায় বিক্ষোভ-উত্তেজনার মধ্যে খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ২টা হতে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়। বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

শনিবার একই দাবিতে জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে ১৪৪ ধারা জারি কথা জানাল প্রশাসন।

Share Now

এই বিভাগের আরও খবর