বগুড়ায় আদালতের নির্দেশে মসজিদের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

আপডেট: September 29, 2025 |
inbound5262957442709409609
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি উত্তরপাড়া গ্রামের জামে মসজিদের জায়গা থেকে আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর (রবিবার) জেলা জজ আদালতের নাজির আয়ুব আলীর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরপলি গ্রামের মৃত পানা উল্লাহ বীরপলি মৌজার জেল নং ২২২, দাগ নং ৩১৫ তার নামে থাকা ১৪ শতক জায়গা বীরপলি উত্তরপাড়া জামে মসজিদের জন্য দান করেন।

তবে দানকৃত জায়গায় একই গ্রামের মৃত পিয়ার আলী আকন্দের ছেলে ইয়াছিন আলী এবং হযরত আলী আকন্দের ছেলে আছির উদ্দিন ওই জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয় জন প্রতিনিধিরা বারবার অনুরোধ করলেও তারা জায়গা ছেড়ে দেয়নি। ২০১৮ সালের ২৭ আগস্ট মসজিদ কমিটির পক্ষ থেকে আলহাজ্ব আবুল হোসেন বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালত মসজিদের পক্ষে রায় প্রদান করে। কিন্তু আদালতের রায় কার্যকর না করে দখলদাররা জায়গা ছাড়তে অস্বীকৃতি জানায়।

নোটিশ দিয়েও কাজ না হওয়ায় মসজিদ কমিটি পুনরায় আদালতের শরণাপন্ন হয়।

এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার আদালতের নির্দেশে জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী উচ্ছেদ অভিযান পরিচালনা করে বসতবাড়ি ভেঙে জায়গাটি মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, মসজিদ কমিটির সভপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী।

জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী বলেন, আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইম উদ্দিন জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর