জয়পুরহাটের ক্ষেতলালে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ বিভাগীয় জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জয়পুরহাট নারী ফুটবল একাদশ এবং বগুড়া নারী ফুটবল একাদশের অংশগ্রহণে এক জমকালো আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ বিভাগীয় জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য গোলজার হোসেন এর সভাপতিত্বে
টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
ম্যাচে মুখোমুখি হয় বগুড়া রকসী নারী ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা মহিলা ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম শামস মতিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


