বগুড়ায় একটি বাড়ি থেকে দুই দফা অভিযানে ৪৪টি ককটেল উদ্ধার, গ্রেফতার ০২

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের একটি বাড়ি থেকে দুই দফা অভিযানে ৪৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ নভেম্বর) আবারও ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩৯টি ককটেল উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার (২ নভেম্বর) ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচটি ককটেল উদ্ধার করে।
বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এসে বিস্ফোরণের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করে। এঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বাড়ির মালিক মুক্তারের ভাই মানিক এবং বিস্ফোরণে আহত আতাউর রহমান সেলিম। সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের তত্ত্বাবধানে ওই বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল।
বিস্ফোরণের ঘটনায় কুমিল্লা জেলার আতাউর রহমান সেলিম নামের এক ব্যক্তি আহত হন। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, স্থানীয় বাদশার নেতৃত্বে এই বিস্ফোরক তৈরির কর্মকাণ্ড চলছিল।
প্রথম দিনের অভিযানে আলোর স্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুনরায় আজ মঙ্গলবার অভিযান চালিয়ে বাকি ৩৯টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।









