দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

আপডেট: November 8, 2025 |
inbound1081765554603363172
print news

দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব উপায়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মতো করে দুই হাত উঁচু করে একটি ছবি তোলেন। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ছবিটিতে দেখা যায়, আলাল উদ্দিন আলাল মাঠে দাঁড়িয়ে আছেন, দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে যেন আম্পায়ারের মতো ‘রিভিউ’ চাচ্ছেন।

ছবির ক্যাপশনেও তিনি ইঙ্গিত দিয়েছেন, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন বিএনপির হাই কমান্ডের কাছে।

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ব্যতিক্রমী প্রতিবাদকে ‘সুস্থ রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করলে তাতে তার নাম ছিল না।

এতে মনোনয়ন দৌড়ে বাদ পড়েন তিনি। এরপর নিজের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ভিন্নধর্মী এই প্রতীকী প্রতিবাদের আশ্রয় নেন আলাল।

আলালের ঘনিষ্ঠজনরা জানান, ফেনীর রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দলের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ফ্যাসিবাদী সরকারের সময় তিনি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

হামলা-মামলা, নির্যাতনের মুখেও দল ত্যাগ না করে দায়িত্ব পালন করেছেন তিনি। তাদের দাবি, এমন নিবেদিত নেতার প্রাপ্য ছিল দলীয় মনোনয়ন।

তারা আরও বলেন, “যেখানে অনেকেই মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সহিংসতার পথ বেছে নিচ্ছেন, সেখানে আলাল উদ্দিন আলালের এমন শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।”

এ বিষয়ে জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, “এক সময় ফেনীকে বলা হতো ‘লেবানন’। জয়নাল হাজারীর সময় ফেনী সারা দেশে পরিচিত হয়েছিল ভিন্নভাবে, পরে নিজাম হাজারীর সময় নির্বাচনগুলো পরিচিত হয় ‘ফেনী স্টাইল’ নামে। এখন সময় এসেছে নতুনভাবে প্রতিবাদের ভাষা প্রকাশের।”

তিনি আরও বলেন, “ফেনীর মানুষ সবসময় পরিবর্তনের পথ দেখিয়েছে। আমরা চেয়েছি, আগামী প্রজন্ম দেখুক প্রতিবাদও ভদ্র, শালীন ও বুদ্ধিদীপ্তভাবে করা যায়। আমি চাই, আমার এই প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনের মনোনয়ন বিষয়টি পুনর্বিবেচনা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—যিনি আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”

আলালের এই ধানক্ষেতের রিভিউ-ভঙ্গির ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার শেয়ার ও প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে এটিকে “রাজনীতিতে রসবোধ ও সংযমের এক দারুণ উদাহরণ” বলে মন্তব্য করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর