হেলমেট না পরায় ২৮ লাখ টাকা জরিমানা!

আপডেট: November 9, 2025 |
asdsddd
print news

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া স্কুটার চালানোর অপরাধে এক চালককে ভুলবশত প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা (২১ লাখ রুপি) জরিমানা করা হয়েছে। আশ্চর্যজনক এই ঘটনাটি ভুল সংশোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মুজাফফরনগর জেলার নিউ মান্ডি এলাকায় আনমোল সিংহল নামের ওই ব্যক্তিকে হেলমেট ছাড়া স্কুটার চালানোর সময় পুলিশ আটক করে। তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না।

পথে পুলিশ তার স্কুটারটি জব্দ করে এবং তাকে ২০ লাখ ৭৪ হাজার রুপির চালান দেয়। অস্বাভাবিক এই পরিমাণ দেখে বিস্মিত আনমোল সিংহল জরিমানার চালানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ছবিটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

মুজাফফরনগরের ট্রাফিক সুপারিনটেনডেন্ট অব পুলিশ অতুল চৌবে পরে জানান, দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরের অসাবধানতার কারণে চালানে ভুল হয়েছিল। তিনি বলেন, ওই ব্যক্তির প্রকৃত জরিমানার পরিমাণ ছিল মাত্র চার হাজার রুপি।

সাব-ইন্সপেক্টর মোটরযান আইনের ২০৭ ধারায় ৪০০০ (যা ওই ধারার অধীনে ন্যূনতম জরিমানার পরিমাণ) লেখার সময় মাঝখানে মোটরযান আইন শব্দটি বাদ দেওয়ায় ভুলবশত ২০ লাখ ৭৪ হাজার রুপি হিসেবে প্রদর্শিত হয়। এর পরপরই দ্রুত চালানের পরিমাণ সংশোধন করে চার হাজার রুপিতে নামিয়ে আনা হয়।

Share Now