বগুড়ায় গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, মামা-ভাগ্নে গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় গোসলের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ।
০৮ নভেম্বর (শনিবার) ভোরে বগুড়া সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের লিটন প্রামানিকের ছেলে মোঃ ফেরদৌস আলম (২৭) এবং তার মামা মোঃ আবুল কালাম আজাদ (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করার সময় ফেরদৌস আলম গোপনে ভিডিও ধারণ করে।
পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকে।
গত ১ অক্টোবর গৃহবধুর স্বামী কাজের জন্য বাইরে গেলে ফেরদৌস আলম রাতে তার ঘরে কৌশলে প্রবেশ করে ওঁৎ পেতে থাকে।
পরবর্তীতে গৃহবধূ ঘুমাতে গেলে সে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় তার মামা আবুল কালাম আজাদসহ অন্যরা ঘরের দরজায় পাহারা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।
ধর্ষণের পর ফেরদৌস আলম আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে গৃহবধূ রাজি না হওয়ায় সে ভিডিও, ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়।
শুধু তাই নয়, ছবিগুলো প্রিন্ট করে অন্যান্য আসামীরা এলাকার লোকজনকে দেখায় এবং রাতে বাদীর বাড়ির আশপাশে ফেলে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
সোনাতলা থানার ওসি রওশন কবীর বলেন, “ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আজ ভোরে আসামী ফেরদৌস আলম ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিন আরও জানান, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
