বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সুরমা নদীর তীরবর্তী ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী আমজদের ঘড়ির সামনে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
রবিবার (০৯ নভেম্বর ) দুপুরে সিলেট নগরের কীন ব্রীজ সংলগ্ন সারদা হলের পার্শ্ববর্তী এলাকায় এই ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি।
উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমও এসময় উপস্থিত ছিলেন।
তারা জানান, ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোই মূল উদ্দেশ্য।ট্যুরিজম এর সাথে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
ট্রফি উন্মোচনের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের আয়োজন শহরের খেলাধুলার পরিবেশকে উৎসাহিত করে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সংযুক্ত রাখে।
এছাড়াও, সিলেটের পর্যটন শিল্পের সঙ্গে ক্রিকেটের সংযোগ তৈরি হওয়ায় শহরের সৌন্দর্য ও ঐতিহ্যও প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, কীন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন।
লোহার খুটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বআকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি এই ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম চিহ্ন।
ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট।ঘড়ির সামনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহাসিক স্থানগুলো ও খেলাধুলার সংযোগ স্থাপন করা হলো, যা স্থানীয় খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।
