খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ : মির্জা ফখরুল

আপডেট: November 28, 2025 |
inbound8937721884923192769
print news

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে (বহস্পতিবার) ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে, সারা দেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম।

সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি।

তিনি বলেন, আমরা দোয়া চেয়েছি আল্লাহতালার কাছে, তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেয়।

আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছেন। গতকাল রাতে আমি প্রায় ২টার দিকে হাসপাতাল থেকে ফিরেছি। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতায় রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।

Share Now