হাদিকে গুলি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

আপডেট: December 13, 2025 |
inbound8400956037947152121
print news

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে এক আলোচনা সভায় ওই ঘটনায় দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ধরে তিনি বলেন, গতকালকে (বৃহস্পতিবার) নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে।

আজকে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ঢাকা-৮ আসনের হাদি সাহেব, ইনকিলাব মঞ্চের প্রার্থী। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমি একটা অশনিসংকেত দেখতে পারছি যে, নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করে দিয়েছে।

রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শুক্রবার জুমার নামাজের পর গুলি করা হয় হাদিকে। তখনই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে।

হাদিকে ‘লাইফ সাপোর্ট’ রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা দাবি জানিয়ে বিএনপি নেতা ফখরুল বলেন, সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে, অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন।

এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আমরা মনে করি, এটা একটা চক্রান্তের অংশ। এটা এখন বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব।

Share Now

এই বিভাগের আরও খবর