খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, নগরীর চার স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ’

আপডেট: January 21, 2026 |
inbound7969578405758716213
print news

ঢাকায় বায়ুদূষণ মারাত্মকভাবে খারাপের দিকে যাচ্ছে। গত এক সপ্তাহের বেশি সময় বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকা প্রথম দিকেই থাকছে। আজও এর ব্যতিক্রম হয়নি।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। বায়ুর মান ২৯৬। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। কিন্তু নগরীর চার স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ’। দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ নগরীর দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।

বায়ুদূষণে আজ প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর। এ নগরীর স্কোর ৩২৬।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

আজ সকালে ঢাকার চার স্থানের বায়ুর মান দুর্যোগপূর্ণ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৫১৯), দক্ষিণ পল্লবী (৩৯৪), ধানমন্ডি (৩৮৮) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮৪)।

Share Now