কোরআনের আইন বাস্তবায়ন না করায় দেশের অবস্থা আজ ভয়াবহ: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট: February 1, 2026 |
inbound7806546828629384834
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের শাসকগোষ্ঠী কখনোই পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।

অথচ ৯০ শতাংশ মুসলমানের এই দেশে রাষ্ট্র ও সমাজ পরিচালনার জন্য কোরআনে প্রায় দুই হাজার আয়াত রয়েছে, যেগুলোকে তারা শুধু মসজিদ ও মাদরাসায় সীমাবদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ ছয়বার, বিএনপি চারবার এবং জাতীয় পার্টি দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কিন্তু কেউই ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের চেষ্টা করেনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজি আজ চরম পর্যায়ে পৌঁছেছে।

মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মদিনার ইসলামী রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে এমনকি পশুর জীবনেরও মূল্য ছিল, আর বর্তমান বাংলাদেশে মানুষকে হত্যা করা হলেও অনেক ক্ষেত্রে বিচার পাওয়া যায় না।

বক্তব্যে জামায়াতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে।

নারীরা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবে তারা ৫ ঘণ্টা কাজ করলেও ৮ ঘণ্টার সমান বেতন পাবেন।

এছাড়া ৫ বছরের কম বয়সী শিশু ও ৬০ বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা হবে।

কারখানার মোট লাভের ১০ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন বাধ্যতামূলক করা হবে। বেকারত্ব দূরীকরণে কেবল ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে বিনা সুদে ‘করজে হাসানা’ ঋণ প্রদান করা হবে।

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে এবং যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়া হবে।

একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত জনগণকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র গঠনের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

সভায় জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এড. মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এস এম রাশেদুল ইসলাম সবুজ, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন, শহরের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, সদর উপজেলার আমীর মাওলানা ইমরান হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোমিন ফকির, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর, জেলা এবি পার্টির সভাপতি সুলতান মোঃ শামসুজ্জামান, সেক্রেটারী বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শিবিরের সভাপতি তারেক ইসলাম, সেক্রেটারি আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর