প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরও দুই মামলার রায় দিয়েছে আদালত; শেখ হাসিনার সঙ্গে এবার তার ভাগ্নে ও দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।
মামলা দুটির একটি আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের দেওয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড।
তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে ১০ বছর এবং বোন ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর করে ৪ বছর কারাদণ্ড হয়েছে।
ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এ দুই মামলার রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও ‘সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে’ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার’ করে বোনকে প্লট বরাদ্দে ‘সহায়তা’ করেন। এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেন।
দুদকের দায়ের করা এ দুই মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।
আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপসহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি।
ববির মামলায় কার কী সাজা
| আসামি | পরিচয় | সাজা |
| রাদওয়ান মুজিব সিদ্দিক ববি | সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে | ৭ বছরের কারাদণ্ড |
| শেখ হাসিনা | সাবেক প্রধানমন্ত্রী | ৫ বছরের কারাদণ্ড |
| টিউলিপ সিদ্দিক | শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি | ২ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ সালাহ উদ্দিন | সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| শরীফ আহমেদ | সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী | ৫ বছরের কারাদণ্ড |
| মো. শহীদ উল্লা খন্দকার | সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী | ৫ বছরের কারাদণ্ড |
| কাজী ওয়াছি উদ্দিন | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| পূরবী গোলদার | গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| সাইফুল ইসলাম সরকার | গৃহায়ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা | ৫ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ খুরশীদ আলম | রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| আনিছুর রহমান মিঞা | রাজউকের সাবেক চেয়ারম্যান | ৫ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ নাসির উদ্দীন | রাজউকের সাবেক সদস্য (পরিকল্পনা) | ৫ বছরের কারাদণ্ড |
| সামসুদ্দীন আহমদ চৌধুরী | রাজউকের সাবেক সদস্য | ৫ বছরের কারাদণ্ড |
| তন্ময় দাস | রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) | ৫ বছরের কারাদণ্ড |
| শেখ শাহিনুল ইসলাম | রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| নায়েব আলী শরীফ | রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| মাজহারুল ইসলাম | রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| ফারিয়া সুলতানা | রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| ** আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। | ||
রূপন্তীর মামলায় কার কী সাজা
| আসামি | পরিচয় | সাজা |
| আজমিনা হক সিদ্দিক রূপন্তী | সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে | ৭ বছরের কারাদণ্ড |
| শেখ হাসিনা | সাবেক প্রধানমন্ত্রী | ৫ বছরের কারাদণ্ড |
| টিউলিপ সিদ্দিক | শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি | ২ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ সালাহ উদ্দিন | সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| শরীফ আহমেদ | সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী | ৫ বছরের কারাদণ্ড |
| কাজী ওয়াছি উদ্দিন | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| পূরবী গোলদার | গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| অলিউল্লাহ | গৃহায়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব | ৫ বছরের কারাদণ্ড |
| সাইফুল ইসলাম সরকার | গৃহায়ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা | ৫ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ খুরশীদ আলম | রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| আনিছুর রহমান মিঞা | রাজউকের সাবেক চেয়ারম্যান | ৫ বছরের কারাদণ্ড |
| মোহাম্মদ নাসির উদ্দীন | রাজউকের সাবেক সদস্য (পরিকল্পনা) | ৫ বছরের কারাদণ্ড |
| সামসুদ্দীন আহমদ চৌধুরী | রাজউকের সাবেক সদস্য | ৫ বছরের কারাদণ্ড |
| তন্ময় দাস | রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) | ৫ বছরের কারাদণ্ড |
| নুরুল ইসলাম | রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| নায়েব আলী শরীফ | রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| কামরুল ইসলাম | রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| মাজহারুল ইসলাম | রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) | ৫ বছরের কারাদণ্ড |
| ** আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। | ||