এমপিদের গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ টিআইবির

আপডেট: February 18, 2026 |
inbound2288705585581812119
print news

সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই সিদ্ধান্তকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী এবং আশা-জাগানিয়া পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে।

একই সঙ্গে সংস্থাটি মনে করে, এ উদ্যোগের পরিপূর্ণ ও টেকসই সুফল পেতে হলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা হলো একটি জনকল্যাণমূলক বাংলাদেশ- যেখানে সুশাসন থাকবে, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত হবে এবং দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় আসা জোট জনগণের কাছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা অঙ্গীকার করেছে, আর সেগুলোর কার্যকর বাস্তবায়নের প্রধান পূর্বশর্তই হচ্ছে দুর্নীতি প্রতিরোধ।

তিনি আরও বলেন, সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে কোনো প্রতিশ্রুতিই সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়। একইভাবে সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তব সুফলও জনগণের কাছে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না।

ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, উন্নয়ন প্রকল্প ও সরকারি ক্রয় কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সময় ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, কর ফাঁকি ও অর্থপাচারসহ নানা ধরনের চৌর্যতান্ত্রিক অনাচারের ঝুঁকি থেকে যায়।

এসব ঝুঁকি কমাতে সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ জন্য সংসদ সদস্যসহ সব সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রতিবছর নবায়ন করে ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারার আলোকে সব জনপ্রতিনিধিকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজের ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী হালনাগাদ করে প্রকাশ করতে হবে। একই সঙ্গে এই চর্চা রাষ্ট্রীয় বেতনভুক্ত সব সরকারি কর্মচারী ও জনবলের জন্য প্রযোজ্য করার আহ্বান জানান তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নবগঠিত সরকারের প্রতি জনমনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টানার যে অঙ্গীকার করা হয়েছে, তা যেন পদ্ধতিগত ও আইনগত সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হয়। এ লক্ষ্যে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংবিধান সংশোধন এবং একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল গ্রহণের আহ্বানও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর