বাংলাদেশে প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী, করেছেন ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট: February 25, 2026 |
dsddsds
print news

সীমান্তের কাঁটাতার কিংবা ভাষার ব্যবধান-কোনো কিছুই বাধা হতে পারেনি তাদের প্রেমে। সুদূর শ্রীলঙ্কা থেকে ভালোবাসার টানে ফেনীর দাগনভূঞায় ছুটে এসেছেন এক তরুণী। কেবল আসাই নয়, নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ঘর বেঁধেছেন স্থানীয় এক যুবকের সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে। সেখানে একটি টেক্সটাইল কোম্পানিতে সহকর্মী হিসেবে কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে প্রণয়ে রূপ নেয়। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর তারা বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

তবে ওমানে আইনি জটিলতা থাকায় তারা নিজ নিজ দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জানুয়ারি শিহাব বাংলাদেশে ফেরেন। তার টানেই গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে পা রাখেন ইশারা মাট্টি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি দাগনভূঞায় শিহাবের বাড়িতে চলে আসেন।

ভিনদেশি বধূকে বরণ করে নিতে কোনো কার্পণ্য করেনি শিহাবের পরিবার। বাড়িতে আসার পর ইশারা মাট্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। এরপর পারিবারিক ও ধর্মীয় রীতি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।

এজাজ আহমদ শিহাব বলেন, ‘ওমানে থাকা অবস্থায় আমাদের পরিচয় ও ভালোবাসা। সেখানে বিয়ের আইনি জটিলতা থাকায় আমরা বাংলাদেশে এসে সামাজিক ও ধর্মীয়ভাবে বিয়ের সিদ্ধান্ত নিই। সে নিজ ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছে। আমাদের এই সিদ্ধান্তে উভয় পরিবারই খুশি।’

বর্তমানে নতুন পুত্রবধূকে পেয়ে আনন্দিত শিহাবের পরিবার ও প্রতিবেশীরা। ভিন্ন সংস্কৃতি ও দেশের সীমানা পেরিয়ে জান্নাতের এই সাহসী পদক্ষেপ এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। শ্বশুরবাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যেই সময় পার করছেন লঙ্কান এই তরুণী।

Share Now

এই বিভাগের আরও খবর