চট্টগ্রাম নগরীর ৮১ পয়েন্টে ২৬৯ সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

আপডেট: March 8, 2026 |
inbound8670764721272555633
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকায়ন ও অপরাধমুক্ত নগরী গড়তে বড় পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (০৮ মার্চ) বিকাল ৩টায় দামপাড়াস্থ পুলিশ লাইন্স কন্ট্রোল রুমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক এই নজরদারি ব্যবস্থার যাত্রা শুরু করেন।

সমন্বিত এই মনিটরিং কার্যক্রমের আওতায় নগরীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগরের ০৯ টি থানাধীন মোট ৮১ টি পয়েন্টে সর্বমোট ২৬৯ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে যেগুলো দামপাড়াস্থ কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “একটি নিরাপদ ও আধুনিক নগরী গড়তে প্রযুক্তির বিকল্প নেই। এই সিসিটিভি সিস্টেমের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে।

এটি কেবল অপরাধ প্রতিরোধেই নয়, বরং যেকোনো অপরাধের দ্রুত তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করতে মাইলফলক হিসেবে কাজ করবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার সুযোগ থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশ এখন আগের চেয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই প্রযুক্তিগত সুবিধার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর