সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারী ক্ষমতায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এক মাসের কম সময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। যে প্রতিশ্রুতিগুলো জনগণের ভাগ্যের পরিবর্তন করবে, তা ধীরে ধীরে জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুপরিমাণও সরে আসিনি। হয়তো ক্ষেত্র বিশেষে সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘নারীদেরকে যদি ক্ষমতায় না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। খালেদা জিয়াও নারীদেরকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে।’















