জলাশয়ের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট: March 22, 2026 |
inbound818674321814504918
print news

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার উদয়কাঠী বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী মোঃ তৈয়ব বাহাদুর (৪৫)-এর মৃত্যু ঘিরে রহস্যের জট খুলছে না। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন—এটি কি হত্যা, নাকি আত্মহত্যা?

নিহত তৈয়ব বাহাদুর উপজেলার ইলুহার ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আজাহার বাহাদুরের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার (২১ মার্চ) রাত প্রায় ১১টা পর্যন্ত তিনি উদয়কাঠী বাজারে তার মুদি ও বিকাশের দোকানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন।

রাত ১১টার পর দোকান বন্ধ করে দিনের লেনদেনের টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে রহস্যজনক ও পরিকল্পিত বলে মনে করছেন। এলাকাবাসীর ধারণা, দোকানের মোটা অংকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি চক্র তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এ নির্মম ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, বানারীপাড়া-উজিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৌমেন্দ্র কুমার বাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তৈয়ব বাহাদুরের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর