ফিনল্যান্ডে ঈদের আনন্দ: বর্ণিল আয়োজনে বাংলাদেশি কমিউনিটি

তারেকুজ্জামান, ফিনল্যান্ড প্রতিনিধি: দেশ থেকে হাজার মাইল দূরে, তবুও ঈদের আনন্দে কোনো কমতি নেই। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের ওলু শহরে ভিন্ন এক আবহে উদযাপিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূর্ণমিলনী।
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার জায়গা করে নিয়েছে ইউরোপের সাংস্কৃতিক পরিমণ্ডলেও। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজনটি যুক্ত হয়েছে “Oulu 2026 – European Capital of Culture” কর্মসূচির সঙ্গে।
ঈদ মানেই আনন্দ, মিলন এবং ভাগাভাগি করে নেওয়ার উৎসব। প্রবাসে থেকেও সেই আনন্দকে ছড়িয়ে দিতে “Eid Celebration 2026” আয়োজন করে ওলুর বাংলাদেশি কমিউনিটি।
ওলুন আর্টিক টাইগার্স-এর উদ্যোগে ওলু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী বাংলাদেশের খাবারের আয়োজন।
এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্থানীয় ফিনিশ নাগরিকরাও। ফলে উৎসবটি হয়ে ওঠে এক বহুসাংস্কৃতিক মিলনমেলা।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা জানান, পরিবার-পরিজন থেকে দূরে ঈদ উদযাপন কিছুটা কষ্টের হলেও, কমিউনিটির সবাই মিলে একসঙ্গে উদযাপন করায় সেই অভাব অনেকটাই পূরণ হয়।
এই আয়োজনটি “Oulu 2026 – European Capital of Culture” এর অফিসিয়াল প্রোগ্রামের অংশ, যা ইউরোপীয় ইউনিয়ন ও ওলুন আর্টিক টাইগার্স-এর যৌথ সহায়তায় বাস্তবায়িত হয়েছে।
এমন আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করছে।
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি—
তবুও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার নামই যেন ঈদ।
ফিনল্যান্ডের এই আয়োজন আবারও প্রমাণ করলো, উৎসব মানুষকে এক করে এবং গড়ে তোলে একটি বৈশ্বিক কমিউনিটি।




















