ভাইরাল হওয়া পথশিশু মাইসার দায়িত্ব নিলেন সিলেট টাইটানসের উপদেষ্টা

আপডেট: April 4, 2026 |
inbound5281015751188230545
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পথশিশু ফাইজা আক্তার মাইসার জীবনে নতুন আশার আলো জ্বলেছে। মাত্র আট বছর বয়সী এই শিশুটি দীর্ঘদিন ধরে সিলেটের রাস্তায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। চার বছর আগে মায়ের মৃত্যু এবং বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে তার স্থায়ী আশ্রয় বলতে ছিল শুধু নানীর বাড়ি।

সম্প্রতি দুইটি গণমাধ্যমে মাইসার জীবনসংগ্রামের গল্প প্রকাশিত হলে তা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি নজরে আসে সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর।

তিনি মাইসার সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করেন। যাথে সংশ্লিষ্টদের মাধ্যমে তাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী মাইসার শিক্ষা, বাসস্থানসহ সকল দায়িত্ব গ্রহণ করেছেন। এই মানবিক উদ্যোগকে সচেতন মহল ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের বিষয়টি জানান।

এ সময় তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। রাস্তায় থাকা আরও অনেক পথশিশু রয়েছে, যারা সুযোগের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”

Share Now

এই বিভাগের আরও খবর