পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে: মোদি

আপডেট: May 4, 2026 |
inbound2204453134065293703
print news

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেখানকার ২৯৪টি আসনের ২৯৩টি আসনে আজ ভোটগণনা চলছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে। যা তাদের গতবার জেতা আসনের চেয়ে ১৩২টি কম।

দল এমন ভূমিধস জয়ের পথে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষ তাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী তারা সবার স্বপ্ন পূরণ ও সুশাসন দেবেন।

ফেসবুকে করা পোস্টে মোদি লিখেছেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।”

“জনগণ বিজেপিকে এক অভাবনীয় ম্যান্ডেট দিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।”

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর