ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান এন এস রাজা সুব্রামানি

লেফটেনেন্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা প্রধান পদে নিয়োগ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ পদে জেনারেল অনিল চৌহানের মেয়াদ এ মাসের ৩০ তারিখে শেষ হবে। এরপরই সুব্রামানি তার স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিরক্ষা প্রধান হিসেবে সুব্রামানি ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিবের কাজও করবেন।
সেনা উর্দিতে তার যাত্রা শুরু হয় ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে; ১৯৮৫ সালের ডিসেম্বরে তিনি গারওয়াল রাইফেলসে অফিসার পদে যোগ দেন।
লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর এবং মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করা সুব্রামানি তার ৩৫ বছরের দীর্ঘ সেনাজীবনে অসংখ্য সংঘাত ও দুর্গম এলাকায় হওয়া অভিযানে অংশ নিয়েছেন। তিনি কাজাখস্তানের আস্তানায় ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাশে’রও দায়িত্ব সামলেছেন।
২০২৪ সালে তিনি ভারতের ৪৭তম ভাইস চিফ অব আর্মি স্টাফ হন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তাকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।
সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় করতে ২০১৯ সালে ভারতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা প্রধানের পদটি সৃষ্টি করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বরেই প্রথম সেই পদে নিয়োগ পান জেনারেল বিপিন রাওয়াত, যিনি তার আগে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।
২০২১ সালের ডিসেম্বরে তামিল নাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মারা যাওয়ার নয় মাস অনিল চৌহানকে সিডিএস বানানো হয়।
ভারতে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের মতো চিফ অব ডিফেন্স স্টাফও একজন চার তারকা জেনারেল, তবে জ্যেষ্ঠতার বিচারে তিনিই সবার চেয়ে এগিয়ে।












