ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: May 19, 2026 |
inbound8373734575129394532
print news

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাহিনীর সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সবার আগে মানুষের পাশে দাঁড়ান ফায়ার সার্ভিস সদস্যরা। এ বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন।

দেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক। এজন্য তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভবনধস ও ভূমিকম্পের ঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের গুরুত্ব দিনদিন বাড়ছে। এ কারণে বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়।

এজন্য ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। একইসঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও এগিয়ে চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সেবা সহজ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে।

অনুষ্ঠানে এদিন পাসিংআউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে যুক্ত হন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নয়জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া সাহসিকতা ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ সদস্যকে পদক দেওয়া হয়। গত তিন বছরের বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩৮ জন সদস্য পদক পাবেন বলেও জানানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

Share Now

এই বিভাগের আরও খবর