জয়পুরহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় “আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের উদ্যোগে আজ সোমবার জয়পুরহাট বুদ্ধিমত্তা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক শারমিন আক্তার, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলার জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং সোনালী স্বপ্ন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে।
এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



