প্রকৃত মালিকদের হাতে মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ জনগণের হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে উদ্ধারকৃত ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ জুন (বুধবার) চট্টগ্রাম নাসিরাবাদস্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় তাঁর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হারানো মোবাইল উদ্ধারে বিশেষ তৎপরতা শুরু করে।
চট্টগ্রাম জেলার ১৭টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়া চুরিজনি ও হারিয়ে যাওয়া মোবাইলের তালিকা পর্যালোচনা করে কাজ শুরু করে ডিবি।
আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে অবশেষে ১০১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
অনুষ্ঠানে হারিয়ে যাওয়া সাধের মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপকারভোগীরা জেলা পুলিশের এই আন্তরিক প্রচেষ্টা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মুখে হাসি ফোটানোই পুলিশের মূল দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি।
প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।





