বন্যা কবলিত ৮০ পরিবারের মাঝে এমএসডিও ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার: মানবিক সংগঠন এমএসডিও ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় প্রথম দফায় ৮০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি মতুরডাঙা, ফকিরপাড়া, চেয়ারম্যান পাড়া, কাজীর পাড়া, নয়াপাড়া, শান্তি পাড়া ও গুরগুড়ি এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
এমএসডিও ফাউন্ডেশন জানায়, মানবতার সেবায় নিবেদিত এই কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতা, স্বেচ্ছাশ্রম এবং আন্তরিক সমর্থনের ফলে প্রথম দফার ত্রাণ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের প্রতিনিধিরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো পুরোপুরি কাটেনি। তাই পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা এমএসডিও ফাউন্ডেশনের-এর প্রশংসা করেন এবং দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


