বিক্ষোভে উত্তাল ভারতে রাহুল গান্ধীর ৫ দফা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। আটকের পর রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে যান। দুই ঘণ্টা আটক থাকার পর রাত ৯টার দিকে এই দুই ভাইবোনকে ছেড়ে দেওয়া হয়।
আটক থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং শিক্ষার্থীদের শোষণের অভিযোগ তুলে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। তাঁর অন্যান্য দাবির মধ্যে রয়েছে সোমবার শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিক্ষোভ দমনের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার দ্রুত সংস্কার।
ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী জানতে চান, কেন দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে, কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং কেন শিক্ষা এত ব্যয়বহুল হওয়ায় সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলো আর্থিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলোকে সম্পূর্ণ ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, সমগ্র বিরোধী দল বুধবার লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই বিষয়টি নিয়ে বিতর্কের দাবি জানিয়েছিল। পরিশেষে, ছাত্রছাত্রীদের স্বার্থে যারা একযোগে লড়াই করছেন, তাঁদের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান এই কংগ্রেস নেতা।
সূত্র: এনডিটিভি



















