সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যের অবাধ প্রবাহের এই যুগে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, “গণমাধ্যম প্রতিনিয়ত রাষ্ট্র ও সমাজকে আয়নার সামনে দাঁড় করায়। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও জনগণের সম্মিলিত দায়িত্ব।”
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা ও কল্যাণে এখনো শক্তিশালী একটি কাঠামো গড়ে ওঠেনি। অথচ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।
বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে অধিক স্বাধীন ও চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। এ জন্য সাংবাদিক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
এ সময় বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস শিকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান মো. মামুন-অর-রশিদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানের শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।





