জবির চতুর্থ গেটে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

দীপ্ত, জবি প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ফটকে ব্যানারটি লাগানো হয়।
ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং ২১ আগস্টের হামলার বিভিন্ন মুহূর্তের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের একাংশে বড় অক্ষরে ‘ভয়াল ২১ শে আগস্ট’ লেখা রয়েছে। আরও লেখা হয়েছে, ‘মৃত্যুকে জয় করে এগিয়ে চলা! হে জননেত্রী, সারা দেশ-জাতির রক্ষায় তোমার সহযাত্রী।’
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ গেটে ব্যানারটি টানানো হয়।
এ বিষয়ে মুসা বলেন, “২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও থাকবে।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত প্রক্টোর অধ্যাপক আজম খান বলেন, “আমি বিষয় টা সম্পর্কে জানতাম না৷ তবে নিষিদ্ধ সংগঠন এভাবে পরিবেশ কে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ আমরা এ বিষয়ে সর্তক থাকবো”
উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকে হতাহত হন। প্রতিবছর ২১শে আগস্ট দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।









