পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের DIS Awards পেলেন সাবেক জবি শিক্ষার্থী নাঈম রাজ

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের অ্যালামনাই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম রাজ ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ডস (DIS Awards) অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে নিজ ফ্যাকাল্টির মধ্যে সর্বোচ্চ ফলাফল করে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত DIS Awards and International Student Meet অনুষ্ঠানে ২২টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঈম রাজের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং পুরস্কারের অংশ হিসেবে তাকে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী চেক প্রদান করা হয়।
নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জবি থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ভারত সরকারের সম্মানজনক Indian Council for Cultural Relations (ICCR) Scholarship অর্জন করেন।
এই স্কলারশিপের আওতায় তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার প্রোগ্রামে ভর্তি হন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নাঈম রাজ একাডেমিক ফলাফলে অসাধারণ কৃতিত্ব দেখান। নিজ বিভাগ ও ফ্যাকাল্টির মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে তিনি প্রথম স্থান অধিকার করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে DIS Awards-এর জন্য মনোনীত করে।
জানা যায়, নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটার, সংস্কৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
জবি থেকে স্নাতক শেষ করার পর ICCR Scholarship নিয়ে ভারতে পাড়ি জমান নাঈম রাজ। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ভারতীয় থিয়েটারের তাত্ত্বিক, ব্যবহারিক ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে তিনি বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও থিয়েটারকে আন্তর্জাতিক পরিসরেও উপস্থাপনের সুযোগ পান।
থিয়েটারের পাশাপাশি পারফরম্যান্স আর্টেও নাঈম রাজের কাজের স্বীকৃতি রয়েছে। ২০২০ সালে তরুণ বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফরম্যান্স আর্টের জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পর্যন্ত নাঈম রাজের এই একাডেমিক ও সাংস্কৃতিক যাত্রা বাংলাদেশের থিয়েটার ও সংস্কৃতির আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক প্রতিনিধিত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাঁর এই অর্জন বাংলাদেশের তরুণ থিয়েটারকর্মী, শিল্পী ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিজের এই অর্জন সম্পর্কে নাঈম রাজ বলেন, “এ অর্জন আমার একার নয়; আমার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা কঠিন সময়ে পাশে ছিলেন, তাঁদের সবার অবদান রয়েছে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার, ICCR, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।
আমি বিশ্বাস করি, এই অর্জন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব, সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করবে। আমি এ অর্জন আমার প্রিয় বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি উৎসর্গ করছি।”
অনুষ্ঠানে উপস্থিত Dean Students’ Welfare (DSW)-এর পরিচালক অধ্যাপক নামিতা গুপ্তা বলেন, “নাঈম রাজ শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি আমাদেরও সম্পদ। তিনি ভারতের পাশাপাশি বাংলাদেশেও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন।”
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের চেয়ারপারসন ড. নভদ্বীপ কৌর নাঈম রাজকে অভিনন্দন জানিয়ে বলেন, “নাঈম রাজ একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী।
তাঁর অর্জন আমাদের বিভাগেরও অর্জন। এটিই জীবনের শেষ অর্জন নয়; বরং এটি কেবল শুরু। ভবিষ্যতে তাঁকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “একটি পুরস্কার সম্মান ও স্বীকৃতি প্রদান করে; এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্জিত শিক্ষাকে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, নাঈম রাজ ভবিষ্যতে থিয়েটারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে।”
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মীনাক্ষী গোয়াল বলেন, “পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীর এই অর্জন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠানের সভাপতি ও Dean International Students (DIS)-এর পরিচালক অধ্যাপক কেউয়াল কিষাণ বলেন, “বাংলাদেশি শিক্ষার্থী নাঈম রাজের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। ব্যক্তিগতভাবে আমি এমন একটি দিনের জন্য বহু বছর অপেক্ষা করেছি।
আজ সেই দিন এসেছে। আমি নাঈম রাজকে অভিনন্দন জানাই। তাঁর শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর পথচলা আরও সমৃদ্ধ হোক।”









