জকসুর উদ্যোগে জবির মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাব স্থাপনের উদ্বোধন

আপডেট: September 3, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং ল্যাব স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন,”শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার ক্ষেত্রে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে জকসু যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা প্রশংসনীয়। এ জন্য তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”

IMG 20260903 120445 750 x 430 pixel

তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শুধু জকসু নয়, সামর্থ্য অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।”

উপাচার্য আরও বলেন,”মেডিকেল সেন্টারের জন্য ল্যাব টেস্টের প্রয়োজনীয় মেশিন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এসব সুবিধা কীভাবে ব্যবহার ও পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীরা কীভাবে দ্রুত ও কার্যকরভাবে এসব সেবা গ্রহণ করতে পারবেন, সে বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পর কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।

নীতিমালার আওতায় সেবাগুলোর সুষ্ঠু ব্যবহার ও পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন,”জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

এর অংশ হিসেবে ভবিষ্যতে এখানে আই ইউনিট ও ডেন্টাল ইউনিট স্থাপনেরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে। এসব ইউনিট চালু করা সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং ক্যাম্পাসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।”

জকসুর সহ সভাপতি (ভিপি)মোঃ রিয়াজুল ইসলাম বলেন,”সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আধুনিক মেডিকেল সেবা ও রোগ নির্ণয়ের নিজস্ব ল্যাব স্থাপন করা ছিল জকসুর অন্যতম অঙ্গীকার।

মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে। কোনো শিক্ষার্থী যেন সামান্য টেস্ট বা প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্পাসের বাইরে গিয়ে ভোগান্তি কিংবা আর্থিক ক্ষতির শিকার না হয়, সেটিই আমাদের লক্ষ্য। জকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সুবিধাদি নিশ্চিতকরণে কাজ করে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পাসেই সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সুবিধা চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে।

Share Now

এই বিভাগের আরও খবর