সাফল্যের সমীকরণে টিম স্পিরিট, জবিকে এগিয়ে নেওয়ার আহ্বান উপাচার্যের

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অগ্রযাত্রায় ব্যর্থতা পেছনে ফেলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে টিম স্পিরিট নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
সোমবার (৩১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ, ১৫তম ব্যাচের বিদায় এবং ‘মিডিয়ান ফেস্ট-৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছরের পথচলার অর্জন, প্রাপ্তি ও অপ্রাপ্তির যথাযথ পরিসংখ্যান নিরূপণের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ও অধিকারগুলোর যে অংশ এখনো অর্জিত হয়নি, সেগুলোর সঠিক পরিসংখ্যানও শিক্ষার্থীদের বের করতে হবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ব্যর্থতার পরিসংখ্যান ঝেড়ে ফেলে সাফল্যের জন্য টিম স্পিরিট নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।”
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বর্তমান বিশ্বে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এ যুগে এআই, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি তথ্য ও উৎস আমাদের সামনে রয়েছে। এসব তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে কোনটি যুগোপযোগী, কার্যকর ও গ্রহণযোগ্য তা নির্ধারণে পরিসংখ্যানের বিকল্প নেই। পরিসংখ্যানের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিপুল তথ্যভাণ্ডার থেকে প্রয়োজনীয় ও সঠিক উপাত্ত খুঁজে বের করে জ্ঞান অর্জন করা সম্ভব।”
নবীন শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। কর্মজীবনে নিজেদের আরও বিকশিত করে তারা সমাজ ও দেশ প্রতিষ্ঠায় অবদান রাখবেন। পাশাপাশি নিজেদের কর্মের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।
অনুষ্ঠানের শুরুতে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। পরে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ-উল-আলম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানোয়ার হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



