ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেশাদারিত্ব ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণ এবং তাঁদের অধিকার ও দায়িত্ববোধ-সম্পর্কিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের গুরুত্ব নিয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সংবাদ পরিবেশনে নৈতিকতা রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সঠিকতা যাচাই, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং সংবাদপত্রের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন এবং প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়।
