শ্বশুরবাড়িতে এসে নদীতে ডুবে জামাই-মেয়ে-নাতিসহ ৪ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরলাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে সৌরব (১৫) ও ওবাইদুল্লাহ (৩৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন শান্তা (২২) ও শান্ত (১৭)।
শিবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ তাঁর স্ত্রী শাহিনুর ও সন্তানকে নিয়ে শিবপুর উপজেলার চরলাখপুর এলাকায় শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। একই সময়ে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শান্তাও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে যান। তাকে উদ্ধারের জন্য শাহিনুরের স্বামী ওবাইদুল্লাহ এবং শাহিদার ছেলে শান্ত নদীতে নামেন। এ সময় তারাও নদীতে তলিয়ে যান। পরে পাশের বাড়ির সৌরবসহ কয়েকজন নিখোঁজদের উদ্ধারে নদীতে নামেন। এ সময় সৌরবও নদীতে তলিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে সৌরবের মরদেহ এবং পরে ওবাইদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তা ও শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শিবপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ও টিম লিডার ইসলাম খান বলেন, শুক্রবার নদীতে নেমে চারজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসার পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে।












