ঠাকুরগাঁওয়ে ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

আপডেট: September 30, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী এক অভিযানে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবার ওজন ৪৯৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল জগন্নাথপুর এলাকার হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে রানীশংকৈলগামী ‘আলম এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা যাত্রী ননী গোপাল বিশ্বাসের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার মালামাল তল্লাশি করা হয়।

পরবর্তীতে বাসের নিচের লকারে থাকা তার মালিকানাধীন একটি টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের ট্রলি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকানো একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্যাকেটের ভেতর থেকে ৪ হাজার ৯২০ পিস কমলা রঙের এবং ৫০ পিস সবুজ রঙের—সর্বমোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় ইয়াবার পাশাপাশি আসামির কাছ থেকে বাস টিকিট, টোকেনের অংশ এবং পোশাকসহ ট্রলি ব্যাগটি জব্দ করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর