অপরাধী ধরতে মোহাম্মদপুরে এআই প্রযুক্তির কয়েকশ সিসিটিভি বসবে

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করা হবে।
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত ও অপরাধী চিহ্নিত করার ব্যবস্থা গড়ে তোলা হবে।
মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তিনির্ভর নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। এ লক্ষ্যে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হচ্ছে।
তিনি জানান, বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ ও জুম করার সুবিধা রয়েছে।









