মাঝিগাতি বাজারে পিতার ওষুধ কিনতে গিয়ে মারধরের শিকার যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মাঝিগাতি বাজারে বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে শামীম কাজী নামে এক যুবক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় ওষুধ কেনার জন্য মাঝিগাতি বাজারে অবস্থান করছিলেন শামীম কাজী। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত শামীম কাজীকে পরে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নেন বলে জানা গেছে।
শামীম কাজীর দাবি, হামলার সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় মাহাবুব মোল্লাহসহ বেশ কয়েক জন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন খুব শীঘ্রই। এছাড়াও ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ, হামলায় কারা জড়িত ছিলেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
