সবার জন্য বাসযোগ্য আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : গণপূর্তমন্ত্রী

আপডেট: October 7, 2026 |
f 9
print news

দেশের সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গণপূর্তমন্ত্রী বলেন, সারা দেশকে নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা করব। উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত উন্নয়ন কীভাবে করা উচিত, সেটি এই পরিকল্পনায় নির্ধারণ করা হবে। পরিকল্পনা ছাড়া কাজ করলে অনেক কিছুই বোঝা যায় না। তাই সঠিক পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে আমরা উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রকৃত চিত্র জানা জরুরি। সর্বশেষ আদমশুমারি অনেক আগে হয়েছে। বর্তমান জনসংখ্যার বাস্তব চিত্রের ভিত্তিতে আবাসন ও নগর পরিকল্পনা করা প্রয়োজন। এ জন্য জনসংখ্যার তথ্যকে পরিকল্পনার অন্যতম ভিত্তি হিসেবে নেওয়া হবে।

ভবন নির্মাণের মান নিশ্চিত করার বিষয়ে জাকারিয়া তাহের বলেন, ভবনের নকশা, কাঠামোগত বিষয়সহ সবকিছু মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থা করার চেষ্টা করছি। অনুমোদনের পর ভবন নির্মাণ শেষ হলে সেটি সঠিকভাবে নির্মিত হয়েছে কি না, তারও সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। যিনি নকশা করেছেন, তাকেও ভবনটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সে বিষয়ে প্রত্যয়ন দিতে হবে।

রাজধানীর অপরিকল্পিত নগরায়ণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা শহরের অনেক এলাকায় পরিকল্পনা ও অনুমোদনের বাইরে ভবন নির্মাণ হয়েছে। এ বাস্তবতা পরিবর্তনে সরকার কাজ করছে। শুধু ঢাকা নয়, সারাদেশেই পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আবাসনের বিষয়ে মন্ত্রী বলেন, আবাসন শুধু উচ্চবিত্ত বা ধনী মানুষের জন্য নয়। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্যও দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, ‘দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে হবে।’

Share Now