অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না’: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেট: November 20, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি) বলেছেন, সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব বিষয় মোকাবিলা করছে। দেশে কোনো অপশক্তি বা অতীতে পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সে প্রচেষ্টা সফল হবে না।

শুক্রবার দুপুরে  জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষক সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সারাদেশের সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে যে তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে এবং তিনি নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া ও সুযোগ তৈরি হচ্ছে, উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।

প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে আব্দুল বারী জানান, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্নির্মাণ ও শক্তিশালী করা হচ্ছে এবং একটি সৎ ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তাই জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামেলি  কার্ড, কৃষক কার্ডসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে।

সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প পাস হয়েছে, যার মাধ্যমে এলাকায় ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া,  জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব,ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম,সদর থানা উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ প্রমূখ।

Share Now