মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোবাইল কিনতে এসে সড়ক দুর্ঘটনায় মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিকুর রহমান। তারা দুজনেই বন্ধু।
২৭ অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ে একটি দোকানের কর্মচারী এবং কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তার বাড়ীতে স্ত্রী ও তিন মাস বয়সী কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসে মোবাইল ফোন কিনতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসছিলেন মিদুল রহমান।
রাস্তায় ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাসী বাস চলে আসে। এ সময় মোটরসাইকেল ব্রেক দিলে মিদুল পিছন থেকে ছিটকে সামনে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আশিকুরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করান।
বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। যাত্রীবাহী বাস কিংবা ট্রলি কোনটাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
