ঠাকুরগাঁওয়ে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্ধারিত তারিখে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
জামিন বাতিলের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং মুহূর্তের মধ্যেই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় আটক নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আদালতের নির্দেশে কারাগারে যাওয়া ১৭ জন নেতাকর্মী হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, আওয়ামী লীগ কর্মী জনি, উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজ হাসান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জিল্লুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাগর খন্দকার, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সদস্য রায়হান মিসবাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন এবং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ আগস্ট ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী পরিবার এর ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুল ইসলামের বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই মিলাদ মাহফিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জেরে পীরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে।
ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ফজলুল হক ও কার্তিক রায় নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
পরবর্তীতে মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন।
আজ সেই মামলায় নির্ধারিত তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
