রাণীশংকৈলে ছাত্রদল ও ইউএনও’র মানবিক উদ্যোগে নিরাপদে এল নতুন প্রাণ

আপডেট: November 6, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: অভাবের তাড়নায় চিকিৎসা যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক তখনই প্রশাসনের সংবেদনশীল পদক্ষেপ এবং ছাত্রদলের তরুণ নেতাকর্মীদের দ্রুত সহায়তায় রাণীশংকৈলে নিরাপদে পৃথিবীর আলো দেখেছে এক নবজাতক।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর ও স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে এই হৃদয়স্পর্শী মানবিক ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পৌর শহরের নয়নপুর মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। মাত্র কয়েক মাস আগে স্বামীকে হারিয়ে চরম আর্থিক সংকট ও স্বজনহীনতার মুখোমুখি হন এই তরুণী।

সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও অর্থের অভাবে যখন সমস্ত আশা ম্লান হয়ে গিয়েছিল, তখন শেষ ভরসা হিসেবে মেয়েকে নিয়ে উপজেলা পরিষদের দরজায় এসে দাঁড়ান মা মাধবী। পরিষদের মূল ফটকেই প্রসব বেদনায় কাতরাতে থাকা মেয়ের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সেই হৃদয়বিদারক কান্না নাড়া দেয় স্থানীয়দের। তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তারা সাগরিকাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে দ্রুত ক্লিনিকে ছুটে যান রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহান। তিনি চিকিৎসাধীন সাগরিকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। প্রশাসন ও যুবসমাজের এই যৌথ উদ্যোগে অবসান ঘটে চরম অনিশ্চয়তার এবং জন্ম নেয় একটি ফুটফুটে সন্তান।

অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, “মাধবী মাসির কান্নার শব্দ শুনে আমরা স্থির থাকতে পারিনি। সাগরিকাকে ক্লিনিকে ভর্তি করে ইউএনও মহোদয়কে অবহিত করি। এমন একটি মানবিক কাজের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহান বলেন, “অন্তঃসত্ত্বা সাগরিকার অসহায়ত্বের কথা শোনামাত্রই আমি ক্লিনিকে যাই। ক্লিনিক কর্তৃপক্ষকে সুচিকিৎসার নির্দেশনা দিয়েছি এবং সাধ্যমতো সহায়তা করেছি।

বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করেছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন ও যুবসমাজ ভবিষ্যতেও এভাবেই একসঙ্গে কাজ করবে।”

নবজাতকের নিরাপদ জন্ম ও সুচিকিৎসার ব্যবস্থা হওয়ায় অশ্রুসজল চোখে ইউএনও এবং ছাত্রদল নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকের নানি মাধবী কর্মকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অভাবের কষাঘাত ও নির্মম বাস্তবতাকে পেছনে ফেলে প্রশাসনের মানবিক নেতৃত্ব এবং তারুণ্যের উষ্ণ ছোঁয়ায় রাণীশংকৈলে রচিত হলো এক অনন্য মানবিক উপাখ্যান।

Share Now