জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারা দেশের ৬৪ জেলা এবং ৫০৩ টি উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে শুরু হয়েছে পৌরসভার অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা।জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে পৌরসভার ১ নং অঞ্চল এবং ৩ নং অঞ্চল খেলায় অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে এ প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্বোধন করা হয়।
১-০ গোলের ব্যবধানে পৌরসভার ৩ নং অঞ্চল কে পরাজিত করে বিজয়ী হয়েছে পৌরসভার ১ নং অঞ্চল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং তাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
